কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে অনেকে আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জনবিরল প্রদেশ চোকোর সান হোসে দেল পালমারের কাছে। ১০৭ কিলোমিটার গভীরতায় উৎপন্ন এই ভূমিকম্পের কম্পন রাজধানী বোগোটা পর্যন্ত অনুভূত হয়, যার ফলে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রতিবেশী দেশ ইকুয়েডর ও ভেনেজুয়েলার তাচিরা রাজ্য ও বারকিসিমেতো শহরেও কম্পন অনুভূত হয়েছে।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কফি উৎপাদনকারী অঞ্চল রিসারালদা প্রদেশে, যেখানে ৪২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গভর্নর হুয়ান দিয়েগো পাতিনিও। এছাড়া ভায়েই দেল কাওকা প্রদেশে ২৭ জন, চোকো প্রদেশে ৪ জন, মানিসালেস শহরে ৩ জন এবং অ্যানতিওকিয়া প্রদেশে ১ জন নিহত হয়েছেন। কালি শহরে অন্তত ২৫টি ভবন ধসে পড়েছে। সব মিলিয়ে ভবন ধসে ৮৭ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
ঘটনার মাত্র কয়েকদিন আগে শুক্রবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এটিকে তার সরকারের প্রথম বড় সংকট হিসেবে অভিহিত করেছেন। তিনি রাজধানী বোগোটায় জাতীয় দুর্যোগ সংস্থার সমন্বিত কমান্ড পোস্ট থেকে জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতার নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। কলম্বিয়ার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।