কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জোড়ালাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সরকারি খরচে শিশু দুটির চিকিৎসা নিশ্চিত করা হবে।
সোমবার রাত ৮টার দিকে শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। মন্ত্রী জানান, দারিদ্র্যের কারণে চিকিৎসা করাতে ব্যর্থ হয়ে শিশুটির পরিবার তাদের নিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। পরবর্তীতে 'আমার দেশ' পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
চিকিৎসার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের চিকিৎসা দেবেন। প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে। শিশু দুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন।
এছাড়া, শিশু দুটির বাবা-মায়ের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তাদের হাত খরচের জন্য পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, তিন মাস সাতদিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই যমজ শিশু দুটি জন্মগ্রহণ করেছিল।
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১: ০২আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০১: ৪১