ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে এই ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
শক্তিশালী এই ভূ-কম্পনের পর সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি)। সংস্থাটি সতর্ক করেছিল যে, এই ভূমিকম্পের প্রভাবে পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি এবং পশ্চিম নুসা তেংগারা প্রদেশে সুনামি আঘাত হানতে পারে।
তবে পরিস্থিতি পর্যালোচনার পর বিএমকেজি আনুষ্ঠানিকভাবে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়। ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার তথ্য জানিয়ে সংস্থাটি জানায়, সুনামি সৃষ্টির আর কোনো ঝুঁকি নেই।