ব্যবসায়ীদের সুবিধার্থে এখন থেকে একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি জানান, একই সঙ্গে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ফি ঘরে বসেই পরিশোধের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনার জন্য ডিএসসিসি ও ঢাকা চেম্বার যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় ট্রেড লাইসেন্স সেবা দ্রুত ও সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর নির্দেশ দেওয়ার কথা জানান ডিএসসিসি প্রশাসক। তবে বর্তমানে ট্রেড লাইসেন্স জালিয়াতির ঘটনায় কিছু জটিলতা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আব্দুস সালাম বলেন, একটি চক্র জাল ট্রেড লাইসেন্স ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, যার ফলে সিটি করপোরেশন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাঁচ বছরের জন্য একবারে ট্রেড লাইসেন্স নবায়নের বিষয়ে তিনি বলেন, এটি করা সম্ভব এবং কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে ব্যবসায়ীদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া সাইনবোর্ডের কর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেন। তবে প্রকৃত মাপ অনুযায়ী সাইনবোর্ডের কর নির্ধারণ করা হলে সিটি করপোরেশনের রাজস্ব বাড়বে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে, এটি কোনো জবরদস্তির বিষয় নয়।