ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রয়েছে। এর মাধ্যমে জ্বালানি তেলের বাজার গত সপ্তাহের দর বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।
এর আগে লোহিত সাগর উপকূলে সৌদি আরামকোর তেল শোধনাগারে হামলা এবং হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় বৈশ্বিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সিঙ্গাপুরভিত্তিক ফিলিপ নোভা-এর মার্কেট ইনসাইটস প্রধান প্রিয়াঙ্কা সচদেবার মতে, আগস্টের শুরুর দিকে যে দরপতন হয়েছিল, তেলের দাম বর্তমানে তা থেকে প্রায় পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সমাধানের আশা কমে যাওয়ায় বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব আবারও বৃদ্ধি পাচ্ছে। তবে হরমুজ প্রণালিতে নতুন করে সংঘাতের কোনো স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা সীমিত বলেই তিনি মনে করছেন। বিশেষ করে তেলবাহী ট্যাংকার বা তেল অবকাঠামোয় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়া পর্যন্ত দাম বৃদ্ধির সুযোগ কম বলে রয়টার্সকে জানান এই বিশ্লেষক।