ভারতের বিহার রাজ্যের লাখিসরাই জেলায় অবস্থিত অশোক ধাম মন্দিরে প্রার্থনা করতে গিয়ে পদদলিত হওয়ার ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় আরও এক ডজনেরও বেশি ভক্ত আহত হয়েছেন, যাদের দ্রুত চিকিৎসার জন্য লাখিসরাই হাসপাতালে নেওয়া হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, শিবমন্দিরে প্রার্থনা জানাতে বিপুলসংখ্যক ভক্ত এদিন সমবেত হয়েছিলেন। ঘটনার সূত্রপাত হয় যখন একটি বৈদ্যুতিক তার হঠাৎ ছিঁড়ে নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে ভক্তদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়, যা থেকে হুড়োহুড়ির সূত্রপাত ঘটে।
লাখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, বিপুল জনসমাগমের বিষয়টি মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে ভিড় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ছিল। তিনি আরও বলেন, মানুষের প্রচণ্ড চাপে মন্দিরের ব্যারিকেডের একটি অংশ ভেঙে পড়লে একের পর এক মানুষ নিচে পড়ে যান, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।