ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের আধুনিকায়ন ও সার্বিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ১৭ কোটি টাকার একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের এই ঐতিহাসিক ময়দানে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির ফলক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী জানান, শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি ঈদে লাখ লাখ মানুষ নামাজ আদায় করে থাকেন। মাঠটির ২০০তম জামাতকে সামনে রেখে এই বিশেষ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হবে জানিয়ে তিনি উল্লেখ করেন যে, এর আওতায় ইতিমধ্যে সরকারি তহবিল থেকে জেলা প্রশাসকের কাছে ৬ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে।
পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সৌদি আরবে ওমরাহ পালনের সময় আরাফাত ময়দানে জিয়াউর রহমানের রোপণ করা এক লাখ নিম গাছের চারা আজ বিশাল বৃক্ষরাজিতে পরিণত হয়েছে, যা স্থানীয়দের কাছে ‘জিয়া গাছ’ নামে পরিচিত। সেই ধারাবাহিকতায় শোলাকিয়া মাঠকে ছায়ানিবিড় ও পরিবেশবান্ধব করতে প্রচুর নিম গাছ রোপণ করা হবে।
অনুষ্ঠানস্থলে জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নিজ হাতে চারা রোপণ করেন। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। শোলাকিয়া মাঠে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে এক নজর দেখতে এবং বক্তব্য শুনতে সেখানে সমবেত হয়েছিলেন। এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।