রাজধানী ঢাকাসহ দেশের মোট ১৩টি জেলায় দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করেছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ক্ষণস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy