রংপুরে একটি দোতলা বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী এবং দুই সন্তানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়িটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। স্থানীয়রা বাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পাওয়ার পর পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং চারজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), তাদের মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানিয়েছেন, অভিযানের সময় দোতলার একটি ঘরের খাটের নিচ থেকে প্রীয়মের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনতলায় ওঠার সিঁড়িতে প্রীতিলতা ও প্রার্থী চক্রবর্তীর এবং বাড়ির ছাদে গণপতি চক্রবর্তী জুয়েলের মরদেহ পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে সিআইডির একটি তদন্ত দল প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার পেছনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড বা পারিবারিক কোনো মর্মান্তিক ঘটনা হতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।