প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ রুবি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তরুণ অভিনেত্রী লাবণ্য চৌধুরী। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আসিফ জাহাঙ্গীর অর্ক পরিচালিত নতুন ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’-তে। নব্বইয়ের দশকের প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।
নতুন এই প্রজেক্ট প্রসঙ্গে লাবণ্য চৌধুরী জানান, নব্বই দশকের লাভস্টোরি তার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের, আর সেই কারণেই তিনি এই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমাটিতে তিনি ‘দিয়া’ নামের এক চঞ্চল মেয়ের চরিত্রে অভিনয় করছেন, যে কিনা বাস্তবেও নব্বইয়ের দশকের সিনেমার মতো কোনো প্রেমের গল্পের স্বপ্ন দেখে।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা লাবণ্য বর্তমানে নাটক এবং ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন বৈচিত্র্যময় ফিল্মে মনোযোগ দিচ্ছেন। ‘মিশন ডিডিএলজে’ নামের এই রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটিতে লাবণ্য চৌধুরীর বিপরীতে জুটি বেঁধেছেন সাদ সালমি নাওভী। এছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন এবং শাহানা আফরোজ স্বপ্না। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।