ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ‘এমভি ওশান-উইনার’ নামের জাহাজটি ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি বন্দর ত্যাগ করে।
জাহাজটিতে মোট ২৪ জন নাবিক কর্মরত ছিলেন, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাকি নাবিকদের মধ্যে ২০ জন চীনের এবং ৩ জন মিয়ানমারের নাগরিক।
গত শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য নিশ্চিত করে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ জানায়।
এই ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজ এবং শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত লাইফ র্যাফট থেকে দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার কাজে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।