সুপারব্র্যান্ড ওয়ালটন তাদের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর সফল সমাপ্তি এবং মাঠপর্যায়ে উদ্ভাবনী প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ অ্যাওয়ার্ড প্রদান করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) বিকেলে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের কর্পোরেট অফিসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের শাখা ব্যবস্থাপক, পরিবেশক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সারাদেশে বর্ণাঢ্য র্যালি ও উদ্ভাবনী ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যান্ডিংয়ে বিশেষ অবদান রাখার জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, “আমরা শুধু ক্যাম্পেইন পরিচালনা করি না; বরং মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসাকে মূল্যায়ন করি। মাঠপর্যায়ে আপনারা উদ্ভাবনী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ওয়ালটনকে দেশের মানুষের আরও কাছে পৌঁছে দিয়েছেন। এই ধারাবাহিকতা ও বিশেষ অবদানই ওয়ালটনকে ইলেকট্রনিক্স খাতে শীর্ষস্থানে ধরে রেখেছে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।