রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাকির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। নিখোঁজ কর্মীর নাম মো. আলাল হোসেন রাজু, যার বাড়ি মেহেরপুরের গাংনীতে। দূতাবাস জানিয়েছে, অগ্নিকাণ্ডে কিছু মরদেহ এতটাই পুড়ে গেছে যে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ রাজুর মরদেহ শনাক্তের অপেক্ষায় থাকা মরদেহের মধ্যে থাকতে পারে।
আহত সাত বাংলাদেশি কর্মীকে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ছয়জন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দূতাবাস থেকে জাকির হোসেনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কোম্পানিটির সঙ্গে সমন্বয় করে মরদেহ পাঠানো এবং পরবর্তীতে ভুক্তভোগীদের বকেয়া পাওনা ও ক্ষতিপূরণের বিষয়ে দূতাবাস এলএলসি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সভোবোদনি শহরের কাছে অবস্থিত এজিসিসি প্রকল্পে আগুন লাগে। প্রতিষ্ঠানটির টেলিগ্রাম চ্যানেলের তথ্যমতে, অগ্নিকাণ্ডে মোট ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক। ১০ বিলিয়ন ডলারের এই প্রকল্পটি রাশিয়া ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে। প্রকল্পটির পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়ক অংশ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কমপ্লেক্সের মূল যন্ত্রপাতির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।