যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পালটাপালটি হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাদের ঘাঁটিতে পালটা হামলা চালায়। এই সামরিক উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১.০৮ ডলার বা ১.২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.১৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১.১০ শতাংশ বেড়ে ৮৪.৩২ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, পরিস্থিতি পুনরায় উত্তেজনার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, মনে হচ্ছে আমরা আবারও উত্তেজনা বাড়ার একটি পর্যায়ে ঢুকেছি। এটি কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত করে বলা কঠিন; পরিস্থিতি কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।