অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুমু দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেতা রাম কপুর। এই ঘটনায় শ্রেয়া তার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের অভিযোগ তুললেও রামের দাবি, পুরো বিষয়টি পরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্যের মন্তব্যের কারণে তিনি নিজের স্বভাব পরিবর্তন করতে চান না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া কালরার সঙ্গে ঘটে যাওয়া ওই ঘটনা ও পরবর্তী বিতর্ক নিয়ে কথা বলেন রাম কপুর। তিনি জানান, ঘটনার পর শ্রেয়া তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন এবং জানিয়েছেন যে তিনি মন্তব্যটির মাধ্যমে খারাপ কিছু বোঝাতে চাননি। রামের ভাষায়, ও আমার সঙ্গে অনেকবার চ্যাট করেছে। ও বলেছে, শোনো, আমি ওই রকম কিছু বোঝাতে চাইনি এবং তুমি তোমার জায়গায় একেবারে ঠিক।
নিজের স্বভাবের পক্ষে যুক্তি দিয়ে রাম কপুর বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তার স্নেহ প্রকাশের ধরন অনেক সময় শারীরিক হয়ে থাকে। কোনো বিষয়কে কে কীভাবে ভুলভাবে ব্যাখ্যা করবে, তা ভেবে তিনি নিজেকে বদলে ফেলতে রাজি নন। এসব সমালোচনা নিয়ে তিনি মোটেও মাথা ঘামান না এবং এ ধরনের বিতর্ক তার ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না।
নিজের দীর্ঘ অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে এই অভিনেতা বলেন, ইন্ডাস্ট্রিতে তার ২৭ বছরের ক্যারিয়ারে তার সঙ্গে কাজ করা কোনো নারী কখনো কোনো অভিযোগ করেননি। বিষয়টিকে নিজের জন্য অত্যন্ত গর্বের বলে মনে করেন তিনি। রামের ভাষ্যমতে, এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের ক্যারিয়ার। আমি খুব খুশি এবং গর্বিত যে, আমার সঙ্গে কাজ করা কোনো নারী কখনও আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই মানুষ কী বলল, তা নিয়ে আমার কিছু যায়-আসে না। আমি যেমন, তেমনই থাকব।
এই বিতর্ককে পুরোপুরি অপ্রয়োজনীয় ও সময়ের অপচয় বলে অভিহিত করেছেন রাম। তিনি মনে করেন, অনেক সময় ছোটখাটো বিষয়কে অনর্থক বড় করে প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়া হয়। জীবন খুব দ্রুত এগিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, জীবনে অনেক ইতিবাচক বিষয় রয়েছে এবং তিনি সেগুলোর দিকেই মন দিতে চান। এছাড়া সাক্ষাৎকারে শ্রেয়ার সঙ্গে তার সম্পর্কের জটিলতা ও তাদের মধ্যে প্রায়ই কেন মতবিরোধ তৈরি হতো, সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন রাম কপুর।