চট্টগ্রামের রাউজানে একদল দুর্বৃত্তের প্রকাশ্য গুলিতে মুহাম্মদ করিম (৩৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত করিম ওই ইউনিয়নের মুহাম্মদ শফির ছেলে এবং তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে করিম কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জনের একটি দল বাজারে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা করিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর রাত ১০টা পর্যন্ত করিমের মরদেহটি সড়কের পাশেই পড়ে থাকতে দেখা যায়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এমন খবর পেয়েছি।’ এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত রাউজানে মোট ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।