পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তিনি স্পষ্ট করেছেন যে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। শনিবার সকালে সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত এবং হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই।
জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে জ্বালানি খাতে যে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ হয়েছে তা স্পষ্ট। সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংকট নিরসনে আন্তরিকভাবে কাজ করছে। মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে তিনি জানান, এ নিয়ে আলোচনা চলছে এবং এটি অস্বাভাবিক কিছু নয়; জাতীয় স্বার্থে বাংলাদেশ যেখানে প্রয়োজন সেখানেই যাবে।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, কোনো চাপ নয়, বরং দেশের চাহিদা থেকেই বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে আরও কেনা হবে। মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি জানান, আগের সরকারের আমলের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এবং এখন ধাপে ধাপে শ্রমশক্তি পাঠানো হবে। এছাড়া কলকাতায় বাংলাদেশিদের হোটেল না পাওয়ার অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।