দেশের বাজারে ইলিশের জোগান আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ঘাটতি পূরণের লক্ষ্যে এবার প্রথমবারের মতো ভারত থেকে ইলিশ আমদানি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, গত দুই মাসে ভারতের গুজরাতের ভরুচ এবং পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছবাজার থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে আনা হয়েছে।
এ বিষয়ে হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, সাধারণত বাংলাদেশ থেকে ভারতে বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন মাছ রফতানি করা হয়ে থাকে। তবে চলতি মৌসুমে বাংলাদেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় প্রথমবারের মতো উল্টো চিত্র দেখা যাচ্ছে এবং ভারত থেকে ইলিশ আমদানি করতে হচ্ছে।
তিনি আরও জানান, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটের বাজারে ডিমওয়ালা ইলিশের চাহিদা অনেক বেশি। যেহেতু গুজরাতের বাজারে ডিমওয়ালা ইলিশ বেশি পাওয়া যায়, তাই সেখান থেকেই মাছ আমদানির ওপর জোর দেওয়া হচ্ছে। এমনকি আমদানিকৃত ইলিশের ডিম আলাদা করে দেশের বাজারে বিক্রি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে আসা ইলিশের একটি অংশ দেশে বিক্রির পাশাপাশি প্রক্রিয়াজাত করে বিদেশেও রফতানি করা হচ্ছে। এছাড়াও কিছু ইলিশ শুকিয়ে নোনা ইলিশ হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে। বিশ্বের মোট ইলিশ আহরণের একটি বড় অংশ বাংলাদেশ থেকে হলেও বর্তমান মৌসুমে জোগান কমে যাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। ফলে অভ্যন্তরীণ চাহিদা সামাল দিতে ব্যবসায়ীরা ভারত থেকে ইলিশ আমদানির এই নতুন পথে হাঁটছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এ বছর ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি মেটাতে ভারত থেকে মাছ আমদানি করছেন ব্যবসায়ীরা। আমদানি করা ইলিশের একটি অংশ দেশে বিক্রির পাশাপাশি প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠানো হচ্ছে।