নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সদস্য দেশগুলো। একই সঙ্গে এই অঞ্চলের পরিস্থিতির যাতে আর কোনো অবনতি না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জোটটি। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে একটি যৌথ বিবৃতি গ্রহণের মাধ্যমে এ আহ্বান জানানো হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
গৃহীত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় অব্যাহত উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আমাদের নিজ নিজ জাতীয় অবস্থানের কথা উল্লেখ করে সর্বোচ্চ আত্মসংযম প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে—এমন পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’
এর আগে, গত মে মাসে নয়াদিল্লিতে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হয়েছিলেন। তবে সে সময় মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ নিয়ে জোটের সদস্য দেশ ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তীব্র মতপার্থক্যের কারণে কোনো যৌথ বিবৃতিতে পৌঁছাতে পারেনি জোটটি। তবে এবারের শীর্ষ সম্মেলনে আয়োজক দেশ ভারতের জোরালো কূটনৈতিক তৎপরতার পর শনিবার বিশ্বনেতাদের বৈঠকে এই যৌথ বিবৃতিটি প্রকাশ করা সম্ভব হয়।