সৌদি আরবের কাছে অত্যাধুনিক ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের এই চুক্তির আওতায় বিশ্বের অন্যতম আধুনিক এই যুদ্ধবিমানগুলো রিয়াদের হাতে পৌঁছাবে। তবে এই সিদ্ধান্তের পর ইসরায়েলের উদ্বেগ এবং চীনের সম্ভাব্য গোয়েন্দা তৎপরতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত এই যুদ্ধবিমান বিক্রি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র সৌদির নিরাপত্তা জোরদার করবে, যা মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনেও সহায়ক হবে।
ওয়াশিংটনের পক্ষ থেকে এমন এক সময়ে এই ঘোষণা দেওয়া হলো, যখন ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে নতুন করে উত্তেজনা দেখা গেছে। গত বুধবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা মারিবের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে লড়াইয়ে মারিব শহরটি হুতিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ঘাঁটি হিসেবে পরিচিত।