দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৯৫২ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ শিশু। অর্থাৎ, এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫৩ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৯ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১ জন। এই সময়ের মধ্যে নতুন করে ৮৩৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৭৬২ জন শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৪৭৪ জন। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।