মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহাসড়কের ওই স্থানে একটি প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। এ সময় ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ধাক্কা দেওয়া বাসটি সড়কের ওপর উল্টে যায়।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় গুরুতর আহত অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।