রাজধানীর শেরেবাংলা নগরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবন এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পুলিশের বিভিন্ন ইউনিট।
মরিয়মের মৃত্যুর ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঘটনাটি হত্যা না কি আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে তাদের আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।