কুমিল্লার ১৮টি থানায় একযোগে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৪১৫ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে এই অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থানসহ অপরাধপ্রবণ এলাকা এবং কিশোরদের আড্ডাস্থলগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার ও শনিবার রাতেও কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছিল পুলিশ। সেই দুই দিনে মোট ৮৭৮ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৫৯৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি ২৮১ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।