কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। বুধবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত চলা এই দীর্ঘ অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানার আওতাধীন অপরাধপ্রবণ এলাকা, বখাটেদের আড্ডাস্থল এবং সন্দেহজনক স্থানগুলোতে এই বিশেষ কার্যক্রম চালানো হয়। সাম্প্রতিক সময়ে উঠতি বয়সী তরুণ ও কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ায় জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বৃহস্পতিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আগের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।