রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকাল ৫টার দিকে মাটিকাটার হলি এপার্টম্যান্টে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা। গ্রেপ্তারের সময় এমপি মোহাম্মদ আব্দুল গফুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতেই মিজানুরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিজানুর রহমানের বাবার নাম নুরুল ইসলাম এবং তার স্থায়ী ঠিকানা ক্যান্টনমেন্টের পশ্চিম মাটিকাটা এলাকা। নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারে মিজানুর রহমান ৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ আছেন।
ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে, যখন ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একই সময়ে সেখানে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।