ফিফা আসিয়ান কাপে আজ নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। এর আগে মালয়েশিয়ার কাছে ৩-০ এবং সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। তাই ইন্দোনেশিয়ার বিপক্ষে আজকের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দল। হামজা চৌধুরী ও অধিনায়ক জামাল ভূঁইয়াসহ দলের সবাই শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান। একই দিনে অপর ম্যাচে সি জালাক হারুপাত স্টেডিয়ামে মালয়েশিয়া ও সিঙ্গাপুর রাত সাড়ে ৯টায় মুখোমুখি হবে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অজেয় ইন্দোনেশিয়া। সিঙ্গাপুরকে ২-০ গোলে হারানোর পর তারা মালয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া নিজেদের কন্ডিশন ও দর্শকদের সুবিধা কাজে লাগিয়ে আধিপত্য বিস্তার করতে চাইবে। বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী বলেন, ইন্দোনেশিয়া খুবই ভালো দল এবং তাদের অনেক খেলোয়াড় ইউরোপের শীর্ষ লিগে খেলে থাকেন। তাই এটি আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে। আমাদের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষেই লড়াই করতে আমরা এখানে এসেছি।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, ইন্দোনেশিয়া অনেক আধিপত্য বিস্তার করবে, তবে তাদের মোকাবিলায় দলের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সেটপিসে শক্তিশালী ইন্দোনেশিয়ার দুজন ভালো মানের স্ট্রাইকার বাংলাদেশের রক্ষণভাগের জন্য আতঙ্কের কারণ হতে পারেন। তবে প্রতিপক্ষের শক্তির পাশাপাশি দুর্বলতাগুলোও জানা আছে। জামাল আরও বলেন, ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। ম্যাচটি জিতলে কিংবা ড্র করলে ভালো হবে। বাংলাদেশ কোচ থমাস ডুলি জানান, তারা মালয়েশিয়ার ম্যাচের মতো সর্বোচ্চ লড়াই করার প্রস্তুতি নিয়েছেন। এটি বাংলাদেশের জন্য একটি শিক্ষামূলক টুর্নামেন্ট এবং সাফের প্রস্তুতির অংশ হিসেবেই অতিথি দল হিসেবে তারা এখানে অংশ নিচ্ছে।