রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বা ইউরেনিয়াম দেশে আসা নিয়ে কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস ২০২৬ উপলক্ষে ‘ঠোঁট-তালু কাটা কোনো অভিশাপ নয়, চিকিৎসায় ভালো হয়’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, রূপপুর একটি বড় ও জটিল প্রকল্প। এটি আন্তর্জাতিক মানের ‘থ্রি জেনারেশন প্লাস’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হওয়ায় সব ধরনের নিরাপত্তাবিধি মেনে চলার ক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন। তিনি দেশবাসীর কাছে ধৈর্য ধরার আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, বড় প্রকল্পে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত সমস্যা দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ তিনি বলেন, বাড়ি নির্মাণের ক্ষেত্রেও পরিকল্পনার চেয়ে কাজ শেষ করতে বেশি সময় লাগতে পারে।
প্রকল্পটিতে ব্যবহৃত বিপুলসংখ্যক যন্ত্রপাতির বিষয়ে ফকির মাহবুব আনাম জানান, কোনো যন্ত্রে সমস্যা দেখা দিলে তা পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় চালু করতে হয়। এছাড়া উচ্চ তাপমাত্রায় কাজ করার পর যন্ত্রপাতি ঠান্ডা বা ‘কোল্ড ডাউন’ করার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। ১ হাজার ২২৪ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ইউরেনিয়াম সরবরাহ নিয়ে কোনো জটিলতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্টভাবে বলেন, “না, না, না। ইনশাল্লাহ নাই, ইনশাল্লাহ নাই।” তিনি প্রকল্প সংক্রান্ত সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি, যেমন—সচিব, পিডি বা এমডির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করলে বিভ্রান্তি তৈরি হতে পারে উল্লেখ করে তিনি সাংবাদিকদের যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, “আমরা একটা একটা করে ধাপে এগোচ্ছি। সামনে নেক্সট স্টেপে যাব। ইনশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন।” তিনি জানান, প্রকল্প নিয়ে যেকোনো সময় যেকোনো প্রশ্ন করা যাবে এবং সাংবাদিকদের বিভ্রান্ত না হওয়ার বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেন।