দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সাশ্রয়ী ও দ্রুত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবন, জ্ঞান এবং প্রায়োগিক দক্ষতার সঠিক সমন্বয়ের আহ্বান জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীলতা ও মেধা কাজে লাগিয়েই দেশের সামগ্রিক উৎপাদনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ প্রাঙ্গণে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের ‘উদ্ভাবনী মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ গেট থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর সনি সিনেমা হল মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। শিল্প সচিব তার বক্তব্যে বলেন, বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে কম সময়ে ও কম খরচে মানসম্মত উৎপাদন বাড়ানোই উৎপাদনশীলতার মূল লক্ষ্য। দেশের সামগ্রিক সম্পদ ও অবকাঠামোগত সক্ষমতাকে বিবেচনায় রেখেই উৎপাদনশীলতা বাড়াতে হবে।
মেলায় শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখে শিল্প সচিব সেগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তরুণদের উপস্থাপিত এসব উদ্ভাবনী উদ্যোগ, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য হ্রাস এবং বর্জ্যকে জৈব সারে রূপান্তরের মতো প্রকল্পগুলো জাতীয় উৎপাদনশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তরুণ প্রজন্মের এই উদ্ভাবনী চিন্তাভাবনা দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উৎপাদনশীলতা টেকসই করতে ‘স্কিলেজ’ বা দক্ষতা ও জ্ঞানের সমন্বয়ের ধারণার ওপর গুরুত্বারোপ করে আব্দুন নাসের খান বলেন, কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, এর সঙ্গে বাস্তবমুখী কাজের দক্ষতা অর্জন জরুরি। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা দক্ষ মানবসম্পদই দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে পারবে। তিনি আরও বলেন, একটি প্রজন্মের মূল দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের এগিয়ে যাওয়ার পথ মসৃণ করে দেওয়া।
অনুষ্ঠানে বিসিআইসি কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত ৫০টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান এবং বিসিআইসি কলেজের অধ্যক্ষসহ শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।