ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণকে সামনে রেখে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো তাদের চূড়ান্ত নির্বাচনী প্রচার শেষ করেছেন। রোববারের এই নির্বাচনে জয়ের ব্যাপারে দুজন প্রার্থীই নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। যদিও সর্বশেষ জনমত জরিপগুলোতে লুলা কিছুটা এগিয়ে থাকলেও, তার সঙ্গে বলসোনারোর ব্যবধান বেশ কমে এসেছে।
আশি বছর বয়সী লুলা শনিবার সাও পাওলো শহরে তার নির্বাচনী প্রচারের সমাপ্তি টানেন। তার শিবিরের দাবি, এটিই ছিল নির্বাচনের শেষ দিনের সবচেয়ে বড় সমাবেশ। সমর্থকদের উদ্দেশে লুলা বলেন, আগামীকাল আমরা প্রথম দফাতেই নির্বাচন জিতব। তিনি এই ভোটকে গণতন্ত্র ও বর্বরতার মধ্যকার লড়াই হিসেবে অভিহিত করে চরম ডানপন্থীদের পরাজিত করার অঙ্গীকার করেন। একই সঙ্গে ব্রাজিলের সার্বভৌমত্বের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করার আহ্বান জানান।
অন্যদিকে ৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো সাও পাওলোর বিভিন্ন শহরে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে রিও ডি জেনিরোতে জনসভা করেন। প্রথম দফাতেই জয়ের ব্যাপারে তিনি পূর্ণ আশাবাদী। ফ্লাভিও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। জাইর বলসোনারো বর্তমানে ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজয়ের পর ক্ষমতা দখলের চেষ্টার দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নির্বাচনী সমাবেশে ফ্লাভিওকে তার বাবার ছবি হাতে প্রচার চালাতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাইর বলসোনারোর ঘনিষ্ঠতা থাকায় ব্রাজিলের নির্বাচনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রহ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। লুলার সমর্থকেরা ট্রাম্পের মন্তব্যকে ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ বলসোনারোর কিছু সমর্থক মনে করছেন, বাইরের চাপে দেশে পরিবর্তন এলে তাতে তাদের আপত্তি নেই।
জরিপ অনুযায়ী, রোববারের ভোটে কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফায় লুলা ও ফ্লাভিওর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ২০২২ সালের তুলনায় এবারের নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী প্রচার নিয়ে অর্থায়ন সংক্রান্ত কিছু বিতর্কও সামনে এসেছে। তার বাবাকে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্রের অর্থায়ন নিয়ে তদন্ত চলছে। এছাড়া সুপ্রিম কোর্ট ফেডারেল পুলিশকে লুলার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের বিষয়ে তদন্তের অনুমতি দিয়েছে। ফ্লাভিও নির্বাচিত হলে কারাগারে থাকা বাবাকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোনো প্রমাণ ছাড়াই ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা নিয়ে বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ১৬ কোটি ভোটার এদিন আইনপ্রণেতা, গভর্নর ও সিনেটরও নির্বাচিত করবেন। লাতিন আমেরিকার দেশগুলোতে ডানপন্থী শক্তির উত্থানের প্রেক্ষাপটে ব্রাজিলের এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।