শনিবার দিবাগত রাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চল পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠেছে। রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে এসব ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। এছাড়া ভোরে আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম অঞ্চল কেঁপে ওঠে। এর মাত্র এক মিনিট পরেই বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়, যার প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে, ত্রিপুরার ডালাই এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়, যা ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে মৃদু কম্পন তৈরি করে।
পরবর্তীতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভোরের দিকে আরও একটি ভূকম্পন রেকর্ড করেছে। ভোর ৪টার দিকে ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।