দীর্ঘ ছয় বছরের বেশি সময় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন মো. ওমার ফারুক। তবে বাড়ি ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তার। আজ শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তার সর্বস্ব লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত।
ভুক্তভোগীর চাচাতো ভাই সুলেমান আকাশ জানান, ওমার গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে রাত কাটানোর পর আজ ভোরে বাবা ও স্বজনদের সঙ্গে কেরানীগঞ্জের বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে জিয়া উদ্যান এলাকায় হাইএস গাড়িতে আসা চার-পাঁচজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের বহনকারী গাড়িটি থামায়।
তল্লাশির নামে ওই দুর্বৃত্তরা ওমারের কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং ৮৮ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা ভুক্তভোগীকে হুমকিও দেয়। এই ঘটনায় ওমার ফারুক শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শেরেবাংলা নগর থানার এসআই নিজামউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে মামলার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।