টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন পাড়ায় জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করা মিমি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও এই বিয়ে বা প্রেম নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে এরই মধ্যে তার হবু বরের পরিচয় সামনে এসেছে।
মিমির হবু বরের নাম সিদ্ধার্থ দত্ত বলে গুঞ্জন ছড়িয়েছে। তিনি বিনোদন জগতের কেউ নন, পেশায় একজন আন্তর্জাতিক মেরিন ইঞ্জিনিয়ার। কলকাতার ছেলে সিদ্ধার্থ পড়াশোনা করেছেন ‘ক্যালকাটা বয়েজ স্কুল’-এ। এরপর মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করে তিনি আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে যোগ দেন। ২০০৮ সালের মার্চ থেকে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে সেখানে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
টালিপাড়ার গুঞ্জন অনুযায়ী, শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ের আসর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হওয়ার পর মিমির হবু স্বামীকে নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে। দাবি করা হচ্ছে, টালিপাড়ার বন্ধুদের সঙ্গে থাকা ওই ছবিতে মিমির পাশে তার হবু বরকেই দেখা গেছে। গুঞ্জন রয়েছে, গত পূজোর সময়ই মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ভাইরাল হওয়া এই ছবি এবং বিয়ের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও টালিপাড়ায় ব্যাপক আলোচনা চললেও মিমি চক্রবর্তী কিংবা সিদ্ধার্থ দত্ত—কেউই এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। সম্পর্ক বা বিয়ের বিষয়টি নিয়ে তারা উভয়েই এখনো মুখ খোলেননি।