সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১৪ রান করে ম্যাচ শেষ করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ও সাদমান ইসলাম ভালো শুরু এনে দিয়েছিলেন, তবে পরবর্তীতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে পারেনি।
ম্যাচের প্রথম দিন শেষে সংযুক্ত আরব আমিরাত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করেছিল। তবে দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলাররা স্বাগতিকদের লিড নিতে দেননি। আরব আমিরাত তাদের প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ৪টি উইকেট নেন। এছাড়া তাইজুল ইসলাম ৩টি এবং ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও নাইম হাসান একটি করে উইকেট শিকার করেন।
১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো শুরু পায়। মুমিনুল হক ২৪ ও সাদমান ইসলাম ৩২ রান করেন। এছাড়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৪ রান এবং জাকের আলী ১১ রানে অপরাজিত থাকেন।