বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের রদবদল আনা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব প্রদানের একটি আদেশ জারি করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সূত্র থেকে জানা গেছে, বোসরা ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কার্যালয় থেকে সরিয়ে পরিচালক প্রশাসন ও মানবসম্পদের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মহাব্যবস্থাপক (স্টোর এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) এবং মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) ও মহাব্যবস্থাপক (জনসংযোগ)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
ক্যাপ্টেন বি-৭৮৭ হিসেবে কর্মরত শেখ আব্বাস হোসেনকে তার মূল দায়িত্বের পাশাপাশি মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি আগে প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন।
এছাড়া উপমহাব্যবস্থাপক (হিসাব) এম. এম. আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং) পদে বদলি করে কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপমহাব্যবস্থাপক (প্রশাসন/মানবসম্পদ) মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে পদায়ন করা হয়েছে এবং তাকে উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে নতুন দায়িত্ব বুঝে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।