মুন্সীগঞ্জে দৈনিক মানবজমিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাহিদ হাসানের পিতাকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজীব হোসেন অপুসহ যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাজীব হোসেন অপু মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর মঙ্গলবার দুপুরে তাদের দুজনকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগী কাজী মো. হাবিবুর রহমান (৫২) মুন্সীগঞ্জ শহরের কাটাখালী এলাকার বাসিন্দা এবং দীর্ঘ ২০ বছর ধরে নিকাহ্ পড়ানো ও বিবাহ নিবন্ধনের কাজ করছেন। তিনি জানান, সোমবার দুপুর ২টার দিকে নিজ বাসায় থাকা অবস্থায় রাজীব ও স্বপনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। প্রথমে কাজী অফিসে এবং পরে মুক্তারপুরের একটি কক্ষে আটকে রেখে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযুক্তরা দাবি করেন, তার স্ত্রী ইতি (২৫) গত ১লা অক্টোবর তার অফিসে তালাক নিবন্ধন করেছেন। হাবিবুর রহমান নিজের প্রাণ বাঁচাতে রাজি হলে তাকে অগ্রণী ব্যাংক পিএলসি, মুন্সীগঞ্জ শাখায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিজের হিসাব থেকে টাকা তুলে স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
সাংবাদিক নাহিদ হাসান জানান, তার বাবাকে তুলে নিয়ে প্রথমে ৫ লাখ টাকা দাবি করা হয়েছিল, যা পরে দর-কষাকষির মাধ্যমে ২ লাখে নামানো হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও তিনি বিচারের আশায় মামলা করেছেন। সোমবার রাত ১০টার দিকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামানের পরামর্শে থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ টাকা উদ্ধারে সহায়তা করে। পরে থানায় উপস্থিত হয়ে রাজীব অপু টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন জানান, সোমবার মধ্যরাতে ভুক্তভোগী কাজী মো. হাবিবুর রহমান বাদী হয়ে রাজীব অপুসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে চাঁদার ২ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ জানিয়েছেন, চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।