ভারতের রাজধানী দিল্লির সীমাপুরি এলাকায় বুধবার বিকেলে একটি বহুতল ভবন ধসে পড়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় অন্তত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে, যারা বর্তমানে দিল্লির জিটিবি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পাওয়ার পরপরই তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকাজে সহায়তা করতে পরবর্তীতে পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের সদস্যরাও যোগ দেন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন—এমন আশঙ্কায় সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। শাহদারা পুলিশের ডেপুটি কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ভবনটির সামনের অংশ হঠাৎ ধসে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নেন এবং হাত দিয়ে ধ্বংসস্তূপের বিভিন্ন অংশ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করেন। ভবন ধসের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর এলাকায় অনুভূত ভূমিকম্পের কম্পনের পর ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের পরই ভবন ধসের প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে, এই দুর্ঘটনার কারণে সীমাপুরি গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া এবং আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে দিল্লি ট্রাফিক পুলিশ পথচারী ও যানবাহন চালকদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।