টলিউডের জনপ্রিয় ও আবেদনময়ী অভিনেত্রী কৌশানী মুখার্জি দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরছেন একবারে ভিন্ন এক রূপে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় ‘ঝিমলি’ নামের এক মাছওয়ালির চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ১৫ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রচারণায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও প্রকাশ পেয়েছে, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
প্রকাশ পাওয়া প্রচারণামূলক ভিডিওটিতে কৌশানীকে চেনা গ্ল্যামারাস রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন ও অচেনা এক অবতারে দেখা গেছে। মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, গায়ে সাধারণ শাড়ি, মুখে শ্যামলা মেকআপ এবং ডি-গ্ল্যাম লুকে তিনি একদম খাঁটি মেছুনির রূপ ধারণ করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ ভিডিওতে তাকে হাতে বড় বড় মাছ নিয়ে ক্রেতাদের ডাকতে দেখা যায়।
তবে মাছ বিক্রি ও কাটতে গিয়ে বেশ নাজেহাল হতে হয়েছে এই অভিনেত্রীকে। বঁটির কাছে মাছ নিয়ে ঘষতে ঘষতে মজার ছলে কৌশানীকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি। দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’ মাছ কাটার এই খুনসুটি ভরা দৃশ্যটি দেখে স্পষ্ট বোঝা যায় যে, ঝিমলি চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি বেশ আনন্দ পেয়েছেন এবং দারুণ উপভোগ করছেন। ‘বহুরূপী’র সাফল্যের পর কিছুটা আড়ালে চলে যাওয়া এই অভিনেত্রী নতুন এই সিনেমা দিয়ে আবারও প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তুত।