গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সীমা রানী (২৫) নামের এক গৃহবধূকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী উদ্দীপকের (৩৫) বিরুদ্ধে। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চালা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সীমা রানী ও তাঁর স্বামী উদ্দীপকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই বিবাদের একপর্যায়ে উদ্দীপ তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর রক্তক্ষরণে সীমা রানীর মৃত্যু হয়।
ঘটনার পর উদ্দীপ নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী উদ্দীপকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।