জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিতুল মোটরসাইকেল চালিয়ে ক্ষেতলাল এলাকা থেকে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্রাক বের হয়ে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী মোটরসাইকেলটির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিতুলের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম। তিনি জানান, ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহটি জয়পুরহাট ২৫০/৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।