ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় দেশটির প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি এবং মন্ত্রিসভার সদস্যরা প্রাসাদের ভেতরেই অবস্থান করছিলেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তারা সবাই নিরাপদে আছেন।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার মাশিক প্রাসাদের কাছাকাছি অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছেড়ে চলে যান।
ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি এই হামলার দায় স্বীকার করেছে। হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত সামরিক কার্যক্রমকে লক্ষ্য করেই তারা এই অভিযান পরিচালনা করেছে। হুথিদের দাবি অনুযায়ী, তাদের মূল লক্ষ্য ছিল প্রাসাদের ভেতরে থাকা একটি সামরিক পরিচালনাকেন্দ্র এবং অস্ত্রের গুদাম।