সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহ্যবাহী ডেগসহ জেলা প্রশাসন কর্তৃক স্থাপিত দানবাক্সগুলো পঞ্চমবারের মতো আজ শনিবার (২৪ অক্টোবর) খোলা হচ্ছে। সকাল ৯টা থেকে দানবাক্স খোলার আনুষঙ্গিক প্রক্রিয়া শুরু হয় এবং সাড়ে ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে জমাকৃত টাকা গণনার কাজ শুরু করা হয়েছে।
প্রায় ১ মাস ৫ দিন বা ৩৫ দিন পর আবারও মাজারের এসব দানবাক্স খোলা হলো। পুরো টাকা গণনা কার্যক্রমে সিলেটের জেলা প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো এসব দানবাক্স ও ডেগ খোলা হয়েছিল।
দীর্ঘদিনের ঐতিহ্যগত প্রথা ভেঙে গত ২২ জুন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রথমবারের মতো সর্বসাধারণের সামনে প্রকাশ্যে গণনা শুরু করা হয়। তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিশেষ উদ্যোগে দানবাক্স বসানোর মাত্র চার দিনের মাথায় প্রথম গণনায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।
প্রথম গণনার ১৭ দিন পর, ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হলে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা এবং সোনা ও রুপার অলংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে ১৫ আগস্ট তৃতীয়বারের গণনায় নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকাসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও সোনা-রুপা মেলে। গত ১৯ সেপ্টেম্বর প্রায় ৩৪ দিন পর চতুর্থ গণনায় সংগৃহীত হয় প্রায় ৮৯ লাখ টাকা।
দানবাক্স খোলার এই ধারাবাহিক বজায় রাখা প্রসঙ্গে মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানান, মাজারের তহবিলে যেসব অর্থ ও সামগ্রী জমা হচ্ছে, তা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে রাখা হচ্ছে। একই সঙ্গে এসব দানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।