পাবনার আতাইকুলা উপজেলার পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় হাটের ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম (৫২) এবং তার চাচাতো ভাইয়ের ভাগনে রিপন (৩২)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় আব্দুস সালাম হাটের ভেতরে নিজের অস্থায়ী কার্যালয়ে বসে ছিলেন। তার সঙ্গে ছিলেন ভাগনে রিপন। এমন সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল সেখানে উপস্থিত হয় এবং তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। হামলাকারীরা গুলি বর্ষণ শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।