বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকার সম্মতি দিয়েছে—সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর নাকচ করেছে টোকিও। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের দাবির কোনো সত্যতা নেই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই দাবিটি সম্পূর্ণ অসত্য।
কিতামুরা তোশিহিরো আরও উল্লেখ করেন যে, গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও জাপানের মধ্যে যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কর্মী নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য তিনি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের শীর্ষ বৈঠকের বিবরণ দেখার পরামর্শ দিয়েছেন।