যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার মতো কোনো পরিকল্পনা ইরানের নেই বলে সুস্পষ্টভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা উল্লেখ করেন। দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার তৈরি হওয়া উদ্বেগের মধ্যেই তেহরানের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলো।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, বর্তমানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা তেহরানের নেই। কূটনৈতিক আলোচনা নিয়ে যে ধরনের খবর ছড়ানো হচ্ছে, সেগুলোকে সংবাদমাধ্যমের ভিত্তিহীন অনুমান নির্ভর আলোচনা হিসেবে অভিহিত করেন তিনি। এর মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে ইরানের বর্তমান অবস্থান স্পষ্ট হলেও ভবিষ্যতে কূটনৈতিক যোগাযোগ শুরু হবে কি না, সে ব্যাপারে তিনি নতুন কোনো আভাস দেননি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। এসব প্রতিবেদনে বলা হয়, তেহরানের লক্ষ্যবস্তুগুলোতে স্বল্পমেয়াদি তবে প্রবল মাত্রার হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে ওয়াশিংটন। এই সামরিক পদক্ষেপের বিষয়ে ট্রাম্প প্রশাসন তাদের উপসাগরীয় মিত্র দেশগুলোকে ইতিমধ্যে সতর্কবার্তা পাঠিয়েছে বলেও জানা গেছে।