জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সড়াইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত সোহরাব হোসেন (৫২) একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জয়পুরহাটগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নুরনবী মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহরাব হোসেন ও এনামুল হককে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে এনামুল হকের মৃত্যু হয় বলে জানা গেছে।