কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে কৃষকের অবদান অপরিসীম। প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখতে এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। আগামী ৫ থেকে ৭ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পল্লি উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা উপলক্ষ্যে তিনি এই বার্তা দেন।
প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, সনাতন কৃষিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয় শুধু উৎপাদনশীলতাই বাড়াবে না, বরং পরিবেশের ভারসাম্য বজায় রেখে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবে। একইসঙ্গে এটি তরুণ প্রজন্মকে নতুন উদ্যোক্তা হিসেবে কৃষিতে আগ্রহী করে তুলবে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে কৃষি ও কৃষকের অবদানকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
সরকারের উন্নয়ন দর্শনের কেন্দ্রে জনগণ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ সহায়তা, সহজ শর্তে ঋণ, কৃষি বিমা এবং কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করছে। এছাড়া তরুণ প্রজন্মকে আধুনিক কৃষিপ্রযুক্তি, কারিগরি দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, কৃষি গবেষক, প্রযুক্তি উদ্ভাবক, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও কৃষকদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের পাশাপাশি নতুন বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরে এই মেলা ইতিবাচক অবদান রাখবে। আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, শস্য সংরক্ষণ, দুগ্ধ ও পোলট্রি উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানিসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। পরিশেষে, তিনি ‘১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’র সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।