গ্রিসের অলউইন অ্যারেনায় ঘরের মাঠে শুরু থেকেই ইউরোপের ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে চেপে ধরে অ্যাথেন্স। ম্যাচের দ্বাদশ মিনিটেই গ্যালারি মাতায় স্বাগতিকরা। আবুবাকারি কৈতার নিখুঁত বাঁ পায়ের জোরালো শটে প্রথম লিড নেয় তারা। তবে এই আনন্দ বেশি সময় স্থায়ী হতে দেয়নি রিয়াল। খেলার ৩২ মিনিটে মার্ক কুকুরেয়ার বাড়িয়ে দেওয়া ক্রসে চমৎকার এক ফিনিশিংয়ে রিয়ালকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের লড়াই।
দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা পৌঁছায় নতুন উচ্চতায়। ৭৫ মিনিটে আবারও ধাক্কা খায় সফরকারী অল হোয়াইটরা। স্তাভরোস পিলিওস বাঁ পায়ের দুর্দান্ত শটে রিয়ালের জাল কাঁপালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অ্যাথেন্স। তবে পিছিয়ে পড়ার পরপরই পাল্টা আক্রমণ চালায় রিয়াল। ঠিক তিন মিনিট পর, ৭৮ মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত ক্লিনিক্যাল ফিনিশিংয়ে অল হোয়াইটদের ম্যাচে ২-২ সমতায় ফেরান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের নির্ধারিত সময় শেষে চার মিনিটের যোগ করা অতিরিক্ত সময়ের খেলা শুরু হলে দেখা মেলে আসল রোমাঞ্চের। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বুলেট গতির দূরপাল্লার শট নেন ফেদে ভালভার্দে। রকেট গতির সেই শট সরাসরি অ্যাথেন্সের জালে আশ্রয় নিলে উল্লাসে মেতে ওঠে রিয়াল শিবির।
শেষ বাঁশি বাজার ঠিক দুই মিনিট আগে উরুগুইয়ান তারকা ভালভার্দেল এই দর্শনীয় গোলে অ্যাথেন্সের গ্যালারি স্তব্ধ হয়ে যায়। ৩-২ ব্যবধানের এই অবিস্মরণীয় কামব্যাক জয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।