সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়ত থেকে এসব মাছ আটক করে উপজেলা মৎস্য বিভাগ।
অভিযানকালে পিরানহা মাছের প্রকৃত মালিককে পাওয়া না গেলেও এর হেফাজতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ দল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা অংশ নেন।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত পিরানহা মাছগুলো ময়মনসিংহ এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে কুতুবের চর মৎস্য আড়তে নিয়ে আসা হয়েছিল। বাজারদর অনুযায়ী প্রতি কেজি ২০০ টাকা হিসাবে ২৬ মণ বা প্রায় ১ হাজার ৪০ কেজি মাছের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার টাকা। আইন অনুযায়ী মাছগুলো নষ্ট না করে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য গুরুতর হুমকির মুখে পড়ে। এসব ক্ষতিকর দিক বিবেচনা করে দেশে পিরানহা মাছের চাষ ও বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে। ক্ষতিকর ও নিষিদ্ধ এসব মাছের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।