সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে গেছে। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী উভয় পক্ষের শুনানি শেষে আগামী ২৩ আগস্ট নতুন এই তারিখ নির্ধারণ করেন।
বুধবার (২২ জুলাই) এই মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুনানিকে কেন্দ্র করে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এই আইনমন্ত্রীকে ঢাকা মহানগর হাজতখানা থেকে আদালতে হাজির করা হয়। আদালতে আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম (কাইয়ুম) এই আবেদনটির বিরোধিতা করেন। পরে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির নতুন দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে ওই লাইসেন্সভুক্ত সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট অস্ত্রকে অবৈধ গণ্য করে অস্ত্র আইনে মামলা করার নির্দেশনাও ছিল প্রজ্ঞাপনে।
অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক নিজের লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বনানী থানা বা অন্য কোনো থানায় নিজে কিংবা প্রতিনিধির মাধ্যমে জমা দেননি এবং এ বিষয়ে তিনি থানাকেও অবহিত করেননি। পরবর্তীতে তার অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় চলতি বছরের ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল বাদী হয়ে আনিসুল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।